নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির ৩০ চেকপোস্ট

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
এখন জনপদে
0

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে নাইটভিশন চশমা, ড্রোনসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।

আজ (রোববার, ১৫ নভেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, পলাতক ও ফেরারি আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার ফলে তারা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর সীমান্ত দিয়ে ফিরতে পারে এমন আশঙ্কায় অবৈধ অনুপ্রবেশ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি রাতের নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট, নাইটভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।’

সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় বিজিবি অধিনায়কের সঙ্গে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএইচ