আজ (রোববার, ১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, আমদানির তুলনায় রপ্তানি আয় কম হওয়ায় এই বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ফলে ওই অর্থবছরে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এ সময়ে বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়েছে।
মন্ত্রী জানান, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তবে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারাতে পারে। এর ফলে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা-১১ আসনের এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলামের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে ভারত থেকে আমদানি করেছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের পণ্য। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার।
মন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। ২০২৫ সালের তুলনায় তা ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। ওই বছর মেলায় রপ্তানি আদেশের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। নিম্ন আয়ের মানুষের সহায়তায় টিসিবির মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য দেয়ার অনুমোদন রয়েছে। বর্তমানে প্রায় ৭৮ লাখ পরিবার প্রতি মাসে নির্ধারিত পরিমাণ খাদ্যপণ্য পাচ্ছে।
বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাফটা ও আপটা সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া অন্য সব পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে।
ওই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানির তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এসব দেশের মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি সবচেয়ে বেশি।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ওই সময়ে ভারতে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় আগামী রমজানে পণ্যের সরবরাহ ভালো থাকবে বলে সরকার আশা করছে। এখন পর্যন্ত বাজারের পরিস্থিতি বিবেচনায় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না হলে আগামী রমজানেও পণ্যের দাম সহনীয় থাকবে বলে আশা করা যায়।





