এর আগে শনিবার দুপুর ১২টার পর উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় সৌরভ। নিহত সৌরভ পাশ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে ও স্থানীয় এএনএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
পরিবারের আবেদনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহের দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম।
চেয়ারম্যান জানান, দুপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সৌরভ। সাঁতার না জানার কারণে নদের প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে খোঁজাখুজি অব্যাহত রাখার পর রোববার বিকাল ৪টার দিকে ২ কিলোমিটার দূরে উত্তর বাখরনগর সাধুর আখড়া সংলগ্ন নদীতে তার মরদেহ পাওয়া যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতির পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





