ইরানের কেরমান প্রদেশের রাফসানজান এলাকা পেস্তা বাদাম চাষের জন্য বিখ্যাত। দেশটিতে প্রায় ৬ লাখ হেক্টর জমিতে পেস্তার বাগান রয়েছে। সাধারণত এপ্রিল থেকে মে মাসের মধ্যে গাছে ফুল আসে এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ফসল সংগ্রহ করা হয়।
তবে এবার দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ ও চলমান ভূ-রাজনৈতিক সংকটে ইরানে পেস্তা উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। তীব্র গরমের কারণে বাগানের অনেক গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয়েছে ফলন। ইরান পেস্তা অ্যাসোসিয়েশনের তথ্য মতে, চলতি বছরে পেস্তার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
ইন্টারন্যাশনাল নাট অ্যান্ড ড্রাই ফ্রুট কাউন্সিল বলছে, ২০২৬/২৭ মৌসুমে বিশ্বজুড়ে পেস্তা উৎপাদন ৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ লাখ টনে। গেল ৪ বছরের মধ্যে এই প্রথম বৈশ্বিক উৎপাদন ১০ লাখ টনের নিচে নেমেছে।
পেস্তা বাদামের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছে চীন। কারণ চীনের পেস্তা বাদামের মোট চাহিদার বড় একটি অংশ আসে ইরান থেকে। এছাড়া, গুণমান বিচারে ইরানি পেস্তার চাহিদাও বেশি। এমন অবস্থায় সংকট মোকাবিলায় খোসাসহ বাদাম কেনার পরিকল্পনা করছে চীন।





