আজ (বুধবার, ২৬ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন খান ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।
দলটির বেশ কয়েকজন সদস্য চাকরিজীবী এবং আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া দলের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।
আরও পড়ুন:
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে জলতরঙ্গ পয়েন্টের সামনে গোসলে নামার পর দুই পর্যটক পানিতে ভেসে যান। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’





