মির্জাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী
এখন জনপদে
0

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে গিয়ে তাওহিদ পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের পানিতে তাওহিদের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাওহিদকে উদ্ধার করা হয়। পরে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি বলেন, ‘শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহিদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। এরপর ছোট্ট তাওহিদের এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ