পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, ২ জেলে নিহত

পটুয়াখালী
মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুড়াগৌরঙ্গ নদীতে মাছ শিকাররত অবস্থায় বজ্রপাতে দুই জেলে মৃত্যু এবং আহত হয়েছে আরো তিন জেলে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

জেলেদের সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন নামবিহীন ট্রলারটিতে তার ভাই ইমন খাঁসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাতে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে তাদের মধ্যে ইমন খাঁ এবং শাকিব শিকদারের মৃত্যু হয়।

সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। জেলেদের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এএইচ