ভাদ্রের সকালে শীতের আমেজ; কুয়াশার চাদরে ঢাকলো পঞ্চগড়

কুয়াশার চাদরে ঢাকলো পঞ্চগড়
এখন জনপদে
0

ভোরের আলো ফোটার আগেই যেন শীতের মতো নেমেছিল কুয়াশা। চারপাশ ঝাপসা, কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট। ভাদ্র মাসে কুয়াশার এমন দৃশ্য দেখে অনেকেই বিস্মিত। হিমালয় কন্যা পঞ্চগড়ে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোরে দেখা দেয় মৌসুমের অস্বাভাবিক ঘন কুয়াশা।

আবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘমালার ব্যাপক উপস্থিতি ও মৌসুমি বায়ুর প্রভাবে এই কুয়াশার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। অনেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হন।

গ্রামের মেঠোপথ, ফসলের মাঠ, জনপদ ও শহরের ব্যস্ত সড়ক সবকিছুই যেন সাদা কুয়াশার আবরণে হারিয়ে যায়। ভাদ্র মাসে এমন ঘন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কুয়াশা ভোর থেকে বেশ কিছু সময় অব্যাহত থাকলেও ছিলো না ঠান্ডা।

আরও পড়ুন:

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় এ ধরনের পরিবর্তন দেয়। কয়েকদিন এমন কুয়াশা দেখা যেতে পারে।

এসএস