নিহত আব্দুর রউফ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশের একটি শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আহত আখতারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা এলাকার মুসলিম ব্লকের শাহীদুল ইসলামের ছেলে। তিনি ওই শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
ব্যুরো বাংলাদেশের হাজীরবাজার শাখার হিসাবরক্ষক মো. সবুজ জানান, গত বুধবার ফেনী শহর থেকে মোটরসাইকেলযোগে লালপোলের দিকে যাচ্ছিলেন আব্দুর রউফ ও আখতারুজ্জামান। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল মোহসেন সুজন বলেন, ‘হাসপাতালে নেয়ার পথেই আব্দুর রউফের মৃত্যু হয়। আহত আখতারুজ্জামানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে সংশ্লিষ্টরা।




