দিনাজপুরে তিন প্রতিষ্ঠানে পৃথক অভিযানে ১৫৭৭ বস্তা সার জব্দ

প্রতীকী ছবি
এখন জনপদে
1

দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ ও অতিরিক্ত মজুত করা ১ হাজার ৫৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) উপজেলার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালায় প্রশাসন।

এসময় দুই সার ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

এসময় প্রতিষ্ঠানটি থেকে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে আরও ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় বিএডিসি সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামটি সিলগালা করে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের একটি গুদামে অভিযান চালায় প্রশাসন। সেখানে প্রায় ৯২০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় গুদাম মালিক মো. মোজাহারুল ইসলাম উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ইএ