আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে ভূল্লী উপজেলার কুমারপুর মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
নিহত— হাবিবা আক্তার (২০) ভূল্লী উপজেলার মুজাবর্ণী সরকারপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
আহতরা হলেন— ভূল্লী উপজেলার মুজাবর্ণী সরকারপাড়া এলাকার শাহিনা বেগম (৩৮), মাইশা(১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬), মোছা. নাজমা বেগম (৭০) ও পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার সোহাগ (২৫)।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীর বরাতে ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ঠাকুরগাঁও জেলা শহর থেকে একটি মালবাহী ট্রাক পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ভূল্লী উপজেলার মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে (ঠাকুরগাঁও-ঢাকা) মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাতজন অটোরিকশার যাত্রী আহত হয়।’
ওসি বলেন, ‘পরে স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে হাবিবা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়। আর আহত অন্য ছয়জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বোদা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’





