চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে ৫ বছরের শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ
দুর্ঘটনার পরে ট্রলি  থেকে পড়ে যাওয়া পাট
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘সকালে পাটবোঝাই একটি ট্রলি কানসাট থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলো। চামা বাজার মন্দিরের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের পাশে উল্টে যায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু জগন্নাথ ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।’

পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে ট্রলির নিচ থেকে উদ্ধার করেন। এরপর তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাটবোঝাই ট্রলি উল্টে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএস