নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেলো ১ কোটি ২৩ লাখ টাকা

নোয়াখালী
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা
এখন জনপদে
0

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার চার উপজেলার ৩৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ২৩ লাখ টাকার চেক দেয়া হয়।

আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে এবং বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক মাহবুব রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সড়কে যত দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটে। অপ্রাপ্ত বয়স্কদের হাতে অনেক অভিভাবক মোটরসাইকেল তুলে দেন। এটা বড় একটা ভুল সিদ্ধান্ত। সড়ক নিরাপদ রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে আরও সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে জেলার চার উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত ১৬টি পরিবারের সদস্য এবং আহত ২১টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদিত আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয় ১ কোটি ২৩ লাখ টাকা। এ সময় দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।

এফএস