ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে ৮০টি উন্নত ক্যামেরা স্থাপন

আসিফ হোসেন
ঢাকা
প্রতীকী
দেশে এখন
0

মোহাম্মদপুরের ঢাকা-১৩ সংসদীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ৮০টি উচ্চ রেজল্যুশনসম্পন্ন এবং ৩২টি জুম সুবিধাযুক্ত সিসিটিভি ক্যামেরা। আজ (শনিবার, ১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এক প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ এসব পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেয়ার পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চায় সরকার। মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি জানান, বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানার পুলিশের দেওয়া অপরাধপ্রবণ এলাকার তথ্যের ভিত্তিতে ক্যামেরা স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, ‘এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।’

নজরদারি ব্যবস্থার আওতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় নয়, স্থানীয় জনগণকেও নিরাপত্তাব্যবস্থায় যুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।’

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু বিচ্ছিন্ন স্থানে এখনো অপরাধের প্রবণতা রয়েছে। এসব স্থান চিহ্নিত করে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো এবং থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করাও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকার কারণে এক স্থান থেকে অন্য স্থানে পুলিশের দ্রুত পৌঁছাতে সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও প্রয়োজনীয় পুলিশি সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এএইচ