এ সময় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ (শনিবার, ৩ অক্টোবর) বেলা পৌনে তিনটার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স স্টাইলস পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, লাঞ্চ শেষে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর কারখানার সাততলা ভবনের তৃতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনেক শ্রমিক হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তবে ওপরের তলার শ্রমিকদের একটি অংশ নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। একপর্যায়ে ছাদে আটকা পড়েন ৬৯ শ্রমিক।
খবর পেয়ে ভোগড়া, জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর পাশাপাশি ছাদে আটকা শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালান ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরে ল্যাডারের মাধ্যমে একে একে ছাদে আটকা ৬৯ শ্রমিককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এ সময় আতঙ্কে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নেভার পর ভবনের ভেতর তল্লাশি করা হয়েছে, তবে কোনো হতাহত শ্রমিক পাওয়া যায়নি। শ্রমিক নিখোঁজ রয়েছে বলেও কোনো স্বজন অভিযোগ করেনি।
এদিকে, একই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উইনডি গার্মেন্টসের পাশের শাহিনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী জোনের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।





