এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর রাত আড়াইটার দিকে এসআরবি-১১ এর একটি বিশেষ আভিযানিক দল আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত জমিদার বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তীতে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় ডাকাত সাহেব আলীর আস্তানা হিসেবে চিহ্নিত পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের ভেতরে অভিযান চালায় এসআরবি-১১। এ সময় সেখান থেকে দেশিয় তৈরি একটি এলজি এবং সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া শটগানের ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন রওনক হাসান। এসআরবি-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।





