জলদস্যু নির্মূলে কক্সবাজার সমুদ্র উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান
এখন জনপদে
0

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ (সোমবার, ৫ অক্টোবর) দিনব্যাপী কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া উপকূলীয় সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া ফিশিং বোট এবং জেলেদের নিরাপত্তায় জোরদার করা হয় টহল ও নজরদারি।

সোমবার দুপুরে অভিযানের বিষয়ে ব্রিফিং করেন কোস্ট গার্ড বেইস কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (ট্যাজ), বিএন।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং ডাকাত ও জলদস্যু দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্প্রতি কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জলদস্যু ও ডাকাতদের অপতৎপরতা প্রতিহত এবং জড়িতদের আটকে গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়েছে কোস্ট গার্ড।

অভিযানে আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতির স্পিডবোটের পাশাপাশি আধুনিক রাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে উপকূলীয় ও সমুদ্রসীমায় চলাচলকারী বিভিন্ন জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

কোস্ট গার্ডের তথ্যমতে, ৫ অক্টোবর কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ এবং স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার সদস্যরা দায়িত্বপূর্ণ সমুদ্র এলাকায় যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত জেলে ও বাণিজ্যিক জাহাজগুলোকে জলদস্যু ও ডাকাতদের হাত থেকে নিরাপত্তা দিতে টহল জোরদার করা হয়।

দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এএইচ