নারায়ণগঞ্জকে গ্রিন-ক্লিন সিটিতে রূপান্তরে কাজ করছি: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে ভলান্টিয়ার নিয়োগ দেয়া হয়েছে
এখন জনপদে
1

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ একটি ছোট শহর হলেও এখানে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের সমস্যাগুলো সমাধানে কাজ করছি। চেষ্টা করছি নারায়ণগঞ্জকে একটি গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে।’

আজ (সোমবার, ৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে ভলান্টিয়ার নিয়োগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন এমপি আবুল কালাম।

এ অনুষ্ঠানে ২২ জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠন দুটির নিজস্ব অর্থায়নে নিয়োগ পাওয়া এসব ভলেন্টিয়াররা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের মধ্যে জ্যাকেট ও বডি ক্যামেরা বিতরণ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীতে বাড়তি যানবাহনের চাপ ও জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে শুধু পূজার সময় নয়, পরবর্তী সময়েও ভলান্টিয়াররা নগরীর যানজট নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করবেন বলে জানিয়েছেন বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল।

আরও পড়ুন:

অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, নগরীর যানজট নিরসনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে নাগরিক ও ব্যবসায়ী সমাজকেও দায়িত্ব নিতে হবে। সেই লক্ষ্যেই ভলান্টিয়ারদের মাঠে নামানো হয়েছে। তারা ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক কাজও করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পূজাকে ঘিরে নগরীতে বাড়তি যানবাহন ও মানুষের চাপ সামাল দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে এ উদ্যোগ চালু থাকলে নারায়ণগঞ্জের ব্যস্ত সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সরওয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাউছার আশা এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুসহ সংশ্লিষ্টরা।

এসএইচ