দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জ
হবিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি সদস্যরা
এখন জনপদে
0

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) ৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতায় হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

বিজিবি জানায়, নিরাপত্তার অংশ হিসেবে দিবা-রাত্রি টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিমের কার্যক্রম এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি

এদিকে, বৃহস্পতিবার ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান পূজামণ্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

অধিনায়ক বলেন, ‘শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র এ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’

এছাড়া পূজা উদযাপন কমিটি ও সর্বসাধারণকে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ এবং গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ৫৫ বিজিবি। কোনো সন্দেহজনক ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধও জানানো হয় বিজিবির এ বিজ্ঞপ্তিতে।

এসএইচ