ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সেনাচৌকিতে হামলা, দুই সন্দেহভাজন নিহত

হেবরন শহরের প্রবেশপথে একটি সামরিক চেকপোস্ট
বিদেশে এখন
0

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের প্রবেশমুখে একটি সামরিক তল্লাশিচৌকিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারী নিহত হয়েছেন এবং পাঁচ ইসরাইলি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের কর্তৃপক্ষ।

শুক্রবার হেবরন শহরের ওই তল্লাশিচৌকিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক ধারণা, বন্দুকধারীরা পাশের ৩৫ নম্বর সড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে বের হয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে সেনাচৌকিতে পড়ে যাওয়ায় তারা সেখানেই গুলি চালাতে শুরু করে।

আগামী চার দিন পর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর কট্টরপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করে পশ্চিম তীরে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

নির্বাচনি প্রচারণায় নিরাপত্তাকে প্রধান ইস্যু করা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি শুক্রবার থেকেই পুরো পশ্চিম তীর সম্পূর্ণ অবরুদ্ধ (লকডাউন) করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী সোম ও মঙ্গলবার নির্বাচনের কারণে এমনিতেই পশ্চিম তীর অবরুদ্ধ রাখার কথা ছিল। ঘটনার পর নেতানিয়াহু ও তার দল লিকুদ শুক্রবার সকালের নির্বাচনি প্রচার কর্মসূচি বাতিল করেছে।

এএম