নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩ জন
অপরাধ
এখন জনপদে
5

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) দুপুরে সোনারগাঁ থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে

কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; রাকিবুল হাসান (৩০), মো. আশিক (২৮) ও সাইফুল হোসেন (৩৮)। তাদের মধ্যে রাকিবুলের বাড়ি যশোরের শার্শা উপজেলায়, আশিকের বাড়ি যশোরের কোতোয়ালি এলাকায় এবং সাইফুলের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। রাকিবুল ও আশিক ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবার পাশাপাশি আলফা এক্সপ্রেস স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এফএস