নিহত আশিকুর রহমান সোনাকুড় গ্রামের আসিরুদ্দিনের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আশিকুর রহমান ও তার চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর রহমান তার সহযোগী নজরুল ও মনিরুজ্জামানসহ কয়েকজন আশিকুর রহমানকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





