আজ (বুধবার, ৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, ‘গাজীপুরে বর্তমানে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের আন্দোলনের পর শ্রমিকরাও বুঝতে পারছেন, তাদের দাবিদাওয়া পূরণে সরকার কাজ করছে। এ কারণে আন্দোলনে আসার প্রবণতা কমছে। বর্তমানে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
পুলিশ সুপার আরও জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ২৫ প্লাটুন নিরাপত্তা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের কার্যক্রম তদারকি ও নেতৃত্ব দিতে দায়িত্বে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। বুধবার আরও এক প্লাটুন বিজিবি বাড়ানোর পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।
শ্রমিক আন্দোলন ঘিরে গত কয়েক দিন গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





