স্থানীয়রা জানায়, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন সালিশে উপস্থিত না হয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





