মেসির পর আর্জেন্টিনার দায়িত্ব কার কাঁধে?

আর্জেন্টিনা দল
ফুটবল
এখন মাঠে
0

দিন কয়েক আগে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। মেসির বিদায়ের পরেই ফুটবল অঙ্গণে বড় এক প্রশ্ন ঘরপাক খাচ্ছে মেসির রেখে যাওয়া আর্জেন্টিনার দায়িত্ব কার কাঁধে?

জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবলে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। সেই শূন্যতা কাটাতে এবং মেসির প্রতি সম্মান জানাতে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১০ নম্বর জার্সিটি কাউকে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। প্রীতি ম্যাচ হওয়ায় ফিফার বাধ্যবাধকতা নেই, ফলে সাময়িকভাবে খালি থাকছে এই ঐতিহাসিক পোশাক।

তবে প্রীতি ম্যাচে এমন সিদ্ধান্ত নেয়া গেলেও মূল প্রতিযোগিতায় একে চিরতরে তুলে রাখার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো অফিশিয়াল টুর্নামেন্টে ১ থেকে ২৬ পর্যন্ত ধারাবাহিক নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

এর আগেও ২০০২ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রাখার আবেদন জানিয়ে ফিফার কাছে প্রত্যাখ্যান পেয়েছিল এএফএ । সেবার ওই জার্সি পরে মাঠে নেমেছিলেন এরিয়েল ওর্তেগা, যা কালক্রমে এসে পৌঁছায় মেসির গায়ে।

তাহলে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির উত্তরসূরি হিসেবে কার কাঁধে চাপবে এই ভারী জার্সির দায়িত্ব? আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন কোমো ১৯০৭-এর ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। ক্লাবের হয়ে ইতিবাচক পারফর্ম করা পাজ ২০২৬-২৭ মৌসুমে ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ও ৮ অ্যাসিস্ট। তবে এত কম বয়সে বিশ্বজয়ের এমন গুরুভার তিনি বইতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।

অন্যদিকে, বিকল্প হিসেবে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ কিংবা এনজো ফার্নান্দেজের মতো বিশ্বকাপজয়ী তারকাদের নামও ভাবা হচ্ছে, যাদের রয়েছে আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতার প্রমাণ।

আপাতত কোনো তাড়াহুড়ো করতে চান না কোচ স্কালোনি। প্রীতি ম্যাচে জার্সিটি খালি রেখে সময় নিচ্ছেন তিনি, যেন নতুন যুগের শুরুতেই সঠিক সিদ্ধান্তটি নেওয়া যায়

জেআর