নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ
স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান
এখন জনপদে
0

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে প্রায় ৬০০ কাব স্কাউট। আজ (শনিবার, ৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অভিযানে তারা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এসময় উপজেলা স্কাউটসের সদস্যবৃন্দ, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার গুরুত্ব বিবেচনায় এ কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাব স্কাউটদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মধ্য দিয়ে পরিচ্ছন্নতাকে শুধু একটি নিয়মিত কর্মসূচি নয়, বরং সামাজিক আন্দোলনে রূপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে নতুন প্রজন্মকে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএইচ