জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

রাজশাহী
জাতীয় পতাকা উত্তোলন করছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু
এখন জনপদে
দেশে এখন
0

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। তিনি দেশের ও মানুষের কল্যাণে সবসময়ই কাজ করেছেন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের জন্যই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল।’

আরও পড়ুন:

এসময় ভূমিমন্ত্রী বলেন, ‘দেশকে হানাদারমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।’

মিজানুর রহমান মিনু বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত ও রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন:

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এসএস