সুন্দরবনে পর্যটকবাহী বোট চরে আটকে যাওয়ার পর পর্যটক নিখোঁজ

সাতক্ষীরা
সুন্দরবন
এখন জনপদে
0

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটকবাহী বোট চরে আটকে যাওয়ার পর রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিম পাড়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মো. মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ নামের একটি ট্রলারে ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান। তাদের মধ্যে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং ঢাকা-গাজীপুরের একজন ছিলেন। বোটটির বিএলসি নম্বর ২৬২৭০৮০৬০০৪।

শুক্রবার দুপুর ১টার দিকে দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায় বোটটি। এসময় বোটের ক্রু ও অন্যরা ধাক্কা দিয়ে সেটি ছাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে বোটে থাকা পর্যটকরাও নিচে নেমে বোটটি ছাড়ানোর কাজে সহযোগিতা করেন।

দীর্ঘ চেষ্টা করেও বোটটি ছাড়ানো সম্ভব না হলে সবাই একে একে বোটে উঠে আসেন। পরে ট্যুর গাইড পর্যটকদের গণনা করতে গিয়ে একজনকে কম পান। এরপর বোটের বিভিন্ন কেবিনে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

ট্যুর গাইড মো. মিজানুর রহমান জানান, বোটটি ছাড়াতে ব্যর্থ হয়ে সবাই ওপরে উঠে এলে তিনি পর্যটকদের গণনা শুরু করেন। এসময় একজনকে কম পেয়ে বিষয়টি সবাইকে জানান।

পরে বোটের প্রতিটি কেবিনে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর সংশ্লিষ্ট বন বিভাগ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন:

খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর তারা পেয়েছেন। তবে তার নাম-ঠিকানা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে।

সুন্দরবনের প্রাণ-প্রকৃতি নিয়ে দীর্ঘদিন কাজ করা জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, ‘সুন্দরবন ভ্রমণ যেমন রোমাঞ্চকর, তেমনি ঝুঁকিপূর্ণও। সরকারি নির্দেশনা মেনে চললে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা সম্ভব। কিন্তু নির্দেশনার বাইরে গেলে যেকোনো সময় বিপদ ঘটতে পারে। বিশেষ করে সাগর উপকূলে স্রোতের প্রচণ্ড প্রভাব থাকে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘কী কারণে ওই পর্যটক নিখোঁজ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রিপ কারেন্ট বা উপকূলের কাছে সৃষ্ট শক্তিশালী ও সরু বিপরীত স্রোতে তিনি ভেসে যেতে পারেন।’

এসএস