পুঁজির সংকটে বিলুপ্তির পথে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁত

তাঁত শিল্পী
এখন জনপদে
0

হারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁওয়ের কিসমত কেশুরবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। একসময় পাঁচশ বাড়িতে তাঁতের কাজ চললেও, পুঁজির অভাবসহ নানা সংকটে পেশা পরিবর্তন করছেন অনেকে তাঁতী। হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণসহ বিভিন্ন কার্যকর উদ্যোগের আহ্বান তাঁতিদের। তাঁতের সুদিন ফেরাতে একটি প্রকল্প পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা।

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামের যে বাড়িগুলোতে একসময় দিনরাত চলত তাঁত বোনার কাজ, আজ সেসব বাড়ির অনেক তাঁতই বন্ধ। জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছেন তাঁতিরা। ফলে সংকটের মুখে পড়েছে কয়েক প্রজন্মের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। যেই গ্রামের পরিচয় ছিলো তাঁতপল্লী নামে আজ সেই নামটাই যেন বিলুপ্তের পথে।

তাঁতের খটখট শব্দের পরিবর্তে এখন পুরো গ্রামে এক অদ্ভুত নীরবতা। জীবনের গল্প বোনা হতো যে সুতোয়, তাঁতের মাকুতে আর জড়ানো হয় না সেই সুতো। কয়েকটি পরিবার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখলেও লাভের দেখা পাওয়া দুষ্কর। অবশ্য তাঁত থেমে গেলেও তাঁতিদের চোখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এখনো মরেনি।

তাঁতিরা জানান, আগে অনেক লাভ হতো। বর্তমানে কোনো লাভ হচ্ছে না। তাছাড়া এখন সব কিছুর দাম অনেক বেশি।

সরকারি-বেসরকারি সহযোগিতা, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, বলছেন তাঁতিরা। তারা আরও জানান, টাকার জন্য ভালো পণ্য তৈরি করা যাচ্ছ না।

জেলা বিসিক কর্মকর্তা বলছেন, তাঁতের ঐতিহ্য ধরে রাখতে ‘একটি গ্রাম-একটি পণ্য’ নামের একটা প্রকল্পের জন্য জেলার ৫টি ঐতিহ্যবাহী শিল্পের নাম পাঠানো হয়েছে। অনুমোদন হলে বদলে যাবে তাঁতশিল্পীদের জীবনমান। পণ্যের মান বৃদ্ধি পেলে এখানকার তৈরি পণ্য রপ্তানিও করা যাবে।

ঠাকুরগাঁও বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. আরমান আলী বলেন, ‘একটি গ্রাম-একটি পণ্য’ আওতায় যদি ঠাকুরগাওয়ে তাঁত শিল্পকে আনা যায়, তাহলে তাঁতিরা তা দেশের বাহিরেও বিক্রি করতে পারবেন।’

তাঁতের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে জেলার ঐতিহ্য আর অসংখ্য মানুষের স্বপ্ন। তাঁতশিল্প বাঁচাতে আবারো মাকুতে ভরা হবে সুতো, খটখট আওয়াজে ভরে উঠবে কিসমত কেশুরবাড়ি গ্রাম, সেই প্রত্যাশা তাঁতিদের।

জেআর