বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি চলনবিলের আয়তন প্রায় ১২০০ বর্গকিলোমিটার। হেমন্তের পড়ন্ত বিকেলে বিলের আকাশজুড়ে দল বেঁধে সাদা বকের উড়ে যাওয়ার দৃশ্য মুগ্ধ করে যে কাউকেই। শুধু বক নয়, হাজারো পাখির কলকাকলি আর ডানার ঝাঁপটানিতে জানান দিচ্ছে চলনবিলের জীববৈচিত্রের অপার সম্ভাবনা। কখনো ডুব দিয়ে খাবারের সন্ধান, কখনোবা বিলের কিনারে বসে বিশ্রাম। দেশিয় পাখিতে মুখর হয়ে ওঠা চলনবিলের প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার আদি রূপ।
স্থানীয়রা জানান, চলনবিলের ঐতিহ্য আগে কম ছিলো। আর এখন আগের চেয়ে গুরুত্ব বেড়েছে। এখন আর এখানে কেউ পাখি মারতে পারে না আগে মারতে আসতো।
শীতের হাতছানির সঙ্গে বিলজুড়ে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে পাখির। বর্ষার শেষ ভাগে অবাধ বিচরণ আর পর্যাপ্ত খাবারের সুযোগ থাকায় ছুটে আসে দেশি বক, শামুকখৈল, পানকৌড়ি সহ নানা জাতের পাখি। তবে এই সৌন্দর্যের আড়ালে তৎপর হয়ে উঠেছে পাখি শিকারীরা। বিভিন্ন সময় পাখি শিকারের পাশাপাশি জবাই করে হত্যাও করছে তারা।
নাটোর চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘কিন্তু এখানে আসলে ঐক্যবদ্ধভাবে সবার কাজ করার দরকার, এখানে জলাভূমিগুলো আরও রক্ষিত করার দরকার। এই জীববৈচিত্র্য চলনবিলকে রক্ষা করার দরকার। তাহলে এই পাখির আরও যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে, চলনবিলের প্রাণ প্রকৃতি ফিরে পাবে।’
চলনবিলে পাখির অবাধ বিচরণ শুধু প্রাণ-প্রকৃতিতে নয়, কৃষির জন্যও এক আশীর্বাদ। ক্ষতিকর পোকা খেয়ে বজায় রাখে ভারসাম্য। তাই পাখি শিকার বন্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের।
নাটোর সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘অলরেডি আমরা এ বছরে কিন্তু বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি। এই চলনবিল এলাকার মানুষকে সচেতন করতে চাই যেন তারা এই অতিথি পাখি সুস্থ স্বাভাবিকভাবে যেন থাকতে পারে এবং বছর শেষে তারা যেন তাদের দেশে আবার ফিরে যেতে পারে। এবং একই সঙ্গে এর মাধ্যমে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটিও যেন বজায় থাকতে পারে।’
নানা কারণে কয়েক বছর আগে চলনবিলে পাখির সংখ্যা কমলেও এবছর বৃদ্ধি পেয়েছে সেই সংখ্যা। পরিবেশ কর্মীদের দাবি, চলনবিলের জীববৈচিত্রকে ধরে রাখতে হলে শুধু নিরাপদ আবাস্থল নিশ্চিত করলেই হবে না, বন্ধ করতে হবে পাখি শিকারও।





