গতকাল (সোমবার, ৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত চালক কালাচান শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি বিগত ৩০ বছর যাবৎ বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও বাস শ্রমিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া কিশোর-তন্ময় নামের পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করে আসছিল। বিগত দেড় বছর যাবৎ বাসটি চালাচ্ছিল কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সাথে থাকতেন এবং প্রায় রাত হয়ে যাওয়ায় বাসটিতেই ঘুমাতেন। এছাড়া বাসটির মালিকের নাম তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা মৃত কার্তিক দাসের ছেলে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১ টা ৫৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। গিয়ে বাসটি দাউ দাউ করে পুড়তে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তিনি বলেন ওই সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাস স্ট্যান্ডের পাশেই বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে যখন গাড়িটিতে আগুন দেওয়া হয় তখন আগুনে উত্তাপে তার একটি হাত পুড়ে যায় এবং দৌড়ে বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতার নিশ্চিত করে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী এসে তার একজন পেট্রোল ঢেলে বাসে অগ্নির সংযোগের ঘটনা ঘটায়।
তিনি বলেন, ‘বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন অগ্নিদগ্ধ হননি। তিনি বাস থেকে দ্রুত বের হয়ে এসে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘শহরের বিভিন্ন সড়কের সিসি টিভির ছবি সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’





