কুষ্টিয়ায় স্কুলছাত্রী ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

অভিযুক্ত ইমন
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা নামে দশম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত আসামি ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের ফেসবুক পেজে রাতেই বিষয়টি নিশ্চিত করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, ইমনকে গ্রেপ্তারের পর তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এরআগে গতকাল (সোমবার, ৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইমন নামে এক কিশোর।

এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় আহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ জাকারিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে সদরের পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত ইমন সানআপ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও শহরের পূর্বমজমপুর এলাকার আব্বাস আলীর ছেলে। দুজনের প্রাইভেট পড়তে গিয়েই তাদের পরিচয় হয়। জাকিয়া সুলতানার দাবি, সেখান থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিল ইমন।

এএইচ