সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জ
প্রতীকী
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির মাথার দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি সড়কের পাশে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এএইচ