বন্দুকযুদ্ধ, অপহরণ ও চাঁদাবাজিতে অনিরাপদ তিন পার্বত্য জেলা

সাজেক
এখন জনপদে
0

পাহাড়ি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকৃতির টানে প্রতিবছর আসেন লাখো পর্যটক। কিন্তু পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধ, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় পাহাড় এখন অনিরাপদ। গত এক বছরে তিন জেলায় ৯৬টি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৫২ জন। একই সময়ে ১০৩টি অপহরণ ও ১৮৩টি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে পর্যটন, অর্থনীতি আর স্থানীয় জনজীবনে। এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্র নির্মূলে, পার্বত্যবাসীর দাবির প্রেক্ষিতে পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্যমন্ত্রী।

বিশেষ ভৌগলিক অবস্থা আর অপার সৌন্দর্যের আধার তিন পাহাড়ি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকৃতির টানে প্রতিবছর ছুটে আসেন লাখো প্রকৃতিপ্রেমী। প্রাকৃতিক সৌন্দর্যকে ছাপিয়ে পাহাড়ের পরতে পরতে এখন বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সংঘাতের ভয়। বন্দুকযুদ্ধ, অপহরণ-চাঁদাবাজির ঘটনায় পাহাড় এখন অনিরাপদ। গোয়েন্দা তথ্য বলছে-গত এক বছরে তিন জেলায় ৯৬টি বন্দুকযুদ্ধে ৫২ জন নিহত এবং একই সময়ে ১০৩টি অপহরণ ও ১৮৩টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

এসব ঘটনার সবশেষ বলি রাঙামাটির সাজেক। যেখানে ইউপিডিএফ গত ১১ অক্টোবর থেকে চার দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে। এতে নিরাপত্তার পাশাপাশি প্রভাব পড়ছে পর্যটনসহ সাধারণ মানুষের জীবন-জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে। দৈনিক প্রায় এক কোটি টাকা ক্ষতির শিকার পর্যটকশূন্য সাজেকের ব্যবসায়ীরা পরিস্থিতির উত্তরণ চান।

ব্যবসায়ীরা জানান, পর্যটক না আসায় তারা ভোগান্তিতে পড়েছেন। আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অবরোধের কারণে বাজারে কোনো ক্রেতা পাচ্ছেন না তারা। দ্রুত সময়ের মধ্যে অবরোধ শিথিল করার দাবি জানান তারা।

আরও পড়ুন:

শুধু সাজেক নয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও আধিপত্য বিস্তারে অপহরণ, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। তবে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্বত্যমন্ত্রী।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘অবৈধ সশস্ত্র সংগঠন যারাই হোক না কেন, সকলের বিষয়ে সরকার কিন্তু পদক্ষেপ নিবে। অতএব একটা সশস্ত্র গ্রুপের সঙ্গে অ্যাকশন নিয়ে যাবে, আরেকটার দাবির প্রেক্ষিতে এটা একটু কেমন বৈষম্য বা অসমঞ্জস্যপূর্ণ মনে হয়।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘যেখানে সারা বাংলাদেশে এই ধরনের আর্মস রিকভারির ব্যাপার। সারা বাংলাদেশে একটা প্ল্যান ডিজাইন যেহেতু আপনারা জানেন, সবাই জানে, এটার প্রসেস আছে। হিলট্যাক্স ওয়ার্ল্ড সারা বাংলাদেশের বাইরে না। তো থাকবে না কেন? নিশ্চয়ই থাকবে।’

অবৈধ অস্ত্রের বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও সংঘাতের কারণে সংকুচিত হচ্ছে পর্যটনসহ সম্ভাবনার ক্ষেত্র। তাই পাহাড় থেকে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার, স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ মনযোগ ও কার্যকর পদক্ষেপের দাবি পার্বত্যবাসীদের।

এফএস