রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণ; আতঙ্কে নগরবাসী

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়া হয়েছে
দেশে এখন
0

রাজধানীতে থামছেই না ককটেল বিস্ফোরণ আর বাসে আগুন। টানা তৃতীয় রাতেও বনানী, আদাবর, বাড্ডা, শ্যামলী ও মহাখালীসহ একাধিক এলাকায় নাশকতার ঘটনা ঘটে। মহাখালীতে তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাবির জহুরুল হক হলের সামনে উদ্ধার হয়েছে অবিস্ফোরিত ককটেল। চিড়িয়াখানা সিটি পরিবহন ও ঠিকানা পরিবহনের দুটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টানা তৃতীয় রাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগ। মঙ্গলবার রাতে একাধিক স্থানে এ ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর নেই। সতর্কতায় নগরজুড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে বনানী, আদাবর ও শিল্পাঞ্চল এলাকা, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস স্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এসময় মহাখালীতে সরকারী তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দুইজনকে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের দ্বিতীয় গেটের সামনে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোম ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন:

নীলক্ষেত পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এসআই কামাল উদ্দিন বলেন, ‘সার্জেন্ট জহুরুল হক হলের দ্বিতীয় রোডের পলাশী মোড়ে পাওয়া গেছে। এইখানে উনারা যে সিকিউরিটি কার্গ আছে, আমাদের থানা পুলিশকে সংবাদ দিয়েছে। আমাদের বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেয়া হয়। তারা এসে কনফার্ম করে এটা ককটেল। পরে তারা নিষ্ক্রিয় করছে। আপাতত কোনো সমস্যা নেই, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।’

পরবর্তীতে রাত আনুমানিক একটার দিকে রাজধানীর শাহ আলী থানার চিড়িয়াখানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে শেরেবাংলা নগর থানা এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পুলিশ জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, কর্তৃপক্ষের নির্দেশে পুরো শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি জায়গায় ফ্লাইওভারের নিচে ফ্লাইওভার ওপরে চেকপোস্ট চলমান। এই চেকপোস্টের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবো বলে আমরা মনে করছে পুলিশ।

সন্ধ্যার পর থেকে রাজধানীজুড়ে এমন ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

এফএস