আজ (বুধবার, ১১ নভেম্বর) সকাল দশটার দিকে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নির্ভীকের কমান্ডার জানান, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের কাজ চলছিল।
সকালে কাজ শুরুর কিছু সময়ের মধ্যেই বিকট শব্দে হঠাৎ করেই ক্রেনের সামনের অংশ বা ‘বুম’ ভেঙে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, এই ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজের পড়ে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য এরই মধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ-এর অপর একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।





