ইরান যুদ্ধের খরচ মিত্রদের পরিশোধ করতে বললেন ট্রাম্প; নেপথ্যে কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটন যাদের ‘রক্ষা’ করেছে, তাদের কাছ থেকে যুদ্ধের যাবতীয় খরচ ক্ষতিপূরণ হিসেবে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজে রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এসব দেশকে মার্কিন বাহিনীর সব যুদ্ধব্যয় পরিশোধ করতে হবে। একই সঙ্গে এই প্রথম তিনি যুদ্ধের অন্যতম অংশীদার ইসরাইলের কাছ থেকেও ক্ষতিপূরণ চাওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

কাদের কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্প?
সিবিএস নিউজের করেসপনডেন্ট রস ডাউথাটকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা ওই সব অর্থ পুরোপুরি ফেরত পেতে যাচ্ছি। তারা এটি শতভাগ পরিশোধ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্ব থাকত না।’

ট্রাম্প এবারই প্রথম সরাসরি ইসরাইলকে নিশানা করে অর্থ ফেরতের দাবি তোলেন। তিনি বলেন, ‘আমরা তাদের (ইরান) পারমাণবিক অস্ত্রাগার গুঁড়িয়ে দিয়েছি। আমি যদি তা না করতাম, তবে এখন আর ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল নিশ্চিহ্ন হয়ে যেত।’

এর আগে জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প কৌশলগত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেয়ার বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ের কথা বলেছিলেন। সে সময় তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন। তবে ইসরাইল শুরু থেকেই এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিলেও উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি। উপরন্তু ইরানের পাল্টা হামলার বড় ধাক্কা তাদের ওপরই পড়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য হিসেবে এই অঞ্চলের দেশগুলো শুরু থেকেই সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতার আহ্বান জানিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে?
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলার। তবে প্রকৃত খরচ আরও বেশি হতে পারে; কারণ এই হিসাবে মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া সেপ্টেম্বর মাসে দেশটির কংগ্রেসনাল বাজেট অফিস অনুমান করেছিল, যুদ্ধ অব্যাহত থাকলে প্রতি মাসে আরও ২০০ থেকে ৩০০ কোটি ডলার অতিরিক্ত ব্যয় হবে।

দাবি কি কেবলই রাজনৈতিক কৌশল?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কোনো বাস্তবসম্মত পররাষ্ট্রনীতির চেয়ে রাজনৈতিক অবস্থান প্রদর্শনের প্রচেষ্টাই বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে। খোদ প্রেসিডেন্টও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ এই পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। নির্বাচনের পর ট্রাম্প সামরিকভাবে এই যুদ্ধ ‘কার্যকরভাবে সমাপ্ত’ বলে ঘোষণা দেন, যদিও যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক বলেই তিনি দাবি করে আসছেন।

চ্যাথাম হাউসের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল জাজিরাকে জানান, ট্রাম্পের এই বক্তব্যকে বাস্তব কোনো নীতিগত প্রস্তাব হিসেবে না দেখে রাজনৈতিক সংকেত হিসেবে দেখাই শ্রেয়।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী বদর আল-সাইফ মনে করেন, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ভোটারদের আশ্বস্ত করতেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো এটিকে তাদের নিজস্ব বিবেচনাতেই দেখবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ স্টেফান লুকাস জানান, নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প মূলত অভ্যন্তরীণ অসন্তোষের দায় চাপানোর জন্য কাউকে খুঁজছেন এবং দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন। তবে লুকাস ইঙ্গিত দেন, ইসরাইলের বিষয়ে ট্রাম্প হয়তো কিছুটা অনড় হতে পারেন। বিশেষ করে চলতি বছরের পর ইসরাইলকে আর মার্কিন সহায়তা না দেয়ার ঘোষণার পর এই মনোভাব স্পষ্ট হচ্ছে। কারণ ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে, ইসরাইলই তাকে ইরানের সঙ্গে এই বিপর্যয়কর যুদ্ধে টেনে নিয়ে গেছে।

ক্ষতিপূরণ আদায়ের ধরন কেমন হতে পারে?
বিশ্লেষক বদর আল-সাইফের মতে, ক্ষতিপূরণের সংজ্ঞায়নে ট্রাম্প ভিন্ন কৌশল নিতে পারেন। তিনি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি বা দেশগুলোর প্রতিশ্রুত মার্কিন বিনিয়োগকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তুলে ধরতে পারেন।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট পলিটিকসের সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদ বলেন, ওয়াশিংটন হয়তো উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রে নতুন বাণিজ্যিক বিনিয়োগ, বাড়তি মার্কিন অস্ত্র কেনা কিংবা ট্রাম্পের ঘনিষ্ঠদের অর্থনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার চাপ দেবে এবং সেটাকেই ক্ষতিপূরণ হিসেবে জাহির করবে।

অতীতেও ট্রাম্প বিদেশি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় চুক্তিকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করেছেন। ২০২৫ সালের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ট্রাম্প দাবি করেছিলেন, জোটটি যুক্তরাষ্ট্রকে ৬০ হাজার কোটি ডলারের ‘উপহার’ দিয়েছে। যদিও বাস্তবে সেটি ছিল ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় কোম্পানিগুলোর সম্ভাব্য বিনিয়োগের রূপরেখা। একই মাসে জাপানের ৫৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতিকে বেসবল খেলোয়াড়দের সাইনিং বোনাসের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এছাড়া মেক্সিকো সীমান্তের দেয়াল তৈরির খরচ দেশটির কাছ থেকে আদায়ের দাবি করলেও বাস্তবে মেক্সিকো কোনো অর্থ দেয়নি।

মিত্রদেশগুলোর প্রতিক্রিয়া কেমন হতে পারে?
বিশ্লেষকদের ধারণা, যুদ্ধে অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার পর উপসাগরীয় মিত্ররা এই দাবি কোনোভাবেই সহজভাবে নেবে না।

নিল কুইলিয়াম বলেন, উপসাগরীয় নেতারা হয়তো সরাসরি কোনো বড় অঙ্কের অর্থ পরিশোধের দাবি নীরবে এড়িয়ে যাবেন। কারণ তারা প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার পেছনে ইতিমধ্যে বিপুল ব্যয় করছে। একই সঙ্গে তারা এ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পরিচালনা ব্যয়ও বহন করে।

অন্যদিকে ডারহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক মারজিয়ে কৌহি এসফাহানি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘদিন ধরে আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসা ইসরাইলের পক্ষে সহায়তা প্রদানকারীর ভূমিকা নেয়া অসম্ভব। বর্তমান বাস্তবতায় নিজস্ব সম্পদের সীমাবদ্ধতার কারণে যুদ্ধ ব্যয়ের বড় অংশ ইসরাইল বহন করবে—এমন সম্ভাবনা নেই বললেই চলে।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম