আধুনিকতার ছোঁয়ায় ম্লান গ্রামবাংলার নবান্নের ঐতিহ্য

নবান্নের ঐতিহ্য
বিশেষ প্রতিবেদন
এখন জনপদে
0

আজ পহেলা অগ্রহায়ণ। একসময় নতুন ধানের পিঠা, পায়েস, মিষ্টি- মিষ্টান্ন তৈরির ধুম আর আত্মীয় স্বজনের কোলাহলে মুখর থাকতো গ্রামের প্রতিটি বাড়ি। আজ সেসব উৎসবের কথা জানেন না শিশু-কিশোররা। আধুনিকতা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। বিজ্ঞজনদের মতে- বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে সরকারের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা আর শিক্ষার সঙ্গে সংস্কৃতিকেও গুরুত্ব দেয়া উচিত।

অগ্রহায়ণ এলেই তালে তালে ঢেঁকির শব্দে মুখর থাকতো গ্রামের প্রতিটি ঘর। নতুন ধানে হবে নবান্ন। নতুন ধান থেকে চাল করে আটা তৈরি, সেই আটায় ভাপা চিতোই, দুধ পিঠা, পায়েস খাওয়ার যে রীতি ছিলো এখন আর তা দেখা যায় না।

নবান্নের দু’দিন আগেও এখন আর আয়োজনের ব্যস্ততা চোখে পড়ে না। নবান্নের শুরুতে বনে বাদাড়ে পশু-পাখীদের খাবার দেয়ার সেই রীতি এবং বাড়িতে বাড়িতে আনন্দের আমেজ নেই গ্রামগুলোতে। গ্রামের প্রবীণ লোকজন সেই স্মৃতি হাতড়িয়ে বেড়ান এখনো। গ্রামের প্রবীণরা জানান, আগের মতো এখন আর এ উৎসবের আমেজ পাওয়া যায় না।

এখনকার শিশু কিশোরদের অধিকাংশই জানেন না সেসব। বাবা-মার কাছে শুধু শুনেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে নতুন ধান উঠলে আনন্দ হতো। এখন তারা পিঠা-পুলি, পায়েস খায় ঠিকই- তবে তা স্ট্রিট ফুডের দোকান থেকে।

হাজার বছরের পুরনো গ্রামীণ ঐতিহ্য নবান্ন। এটি কৃষি উৎসব হলেও সামাজিক মেলবন্ধন অটুট রাখার অন্যতম মাধ্যম ছিলো। বর্তমানে শিক্ষাকে যেভাবে এগিয়ে নেয়া হচ্ছে, সেভাবে দেশিয় সংস্কৃতি উৎসবকে প্রধান্য দেয়া হচ্ছে না। এসব ব্যাপারে সরকারের দায়বদ্ধতা থাকা উচিত বলে মনে করেন এ সংগঠক।

বগুড়া শিশু সংগঠক ও শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘বর্তমান সময়টায় শিক্ষা নিয়ে যতটা আমরা উদগ্রীব, উৎসাহিত, ঠিক একইভাবে সংস্কৃতির প্রতিপালনের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, উৎসব আয়োজনের ক্ষেত্রে ততটাই উদাসীন। এখানে রাষ্ট্রের একটা বড় ধরনের ভূমিকা আছে। কারণ রাষ্ট্র যেভাবে পরিচালিত করবে সাধারণ জনগণ বা দেশ সেই দিকেই ধাবিত হবে।’

অঘ্রানের প্রথমে যে গ্রামে গ্রামে ধান কাটা, মারাই এবং আটা কোটার যে ধুম, সে ধুমটি কিন্তু এখন আর দেখা যায় না। এখন গ্রামে গ্রামে বসে না পিঠাপুলির উৎসব। এখন সবগুলো শহরেই হয়ে গেছে। আর এই আগেকার যে হাজার বছর ঐতিহ্য সেটি ফিরে আনার জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা এবং সরকারি পৃষ্ঠপোষকতা।

জেআর