পঞ্চগড়ে ৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র; সন্ধানের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ

মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা
এখন জনপদে
0

পঞ্চগড়ে ৪ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজ রয়েছে। এ ঘটনায় দ্রুত তার সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তার পরিবার, এলাকাবাসী, সহপাঠী ও শিক্ষকরা।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, সিয়ামের বাবা সল্লু ইসলাম ও সিয়ামের সহপাঠীরা।

এসময় তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বের হয়ে আর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি তার পরিবার। ওই দিন রাতেই বোদা থানায় সাধারণ ডায়েরি করা হয়। তবে ৪ দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান না পেয়ে এই কর্মসূচি দিতে বাধ্য হয় তারা।

সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেয়া না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

অবরোধের ফলে সড়কের দু’পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। পরে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে বাড়ি ফেরেন।

এসএইচ