হাজারো শিক্ষার্থীর এই ক্যাম্পাসে খেলার মাঠ বলতে ছোট এই জায়গাটি। সংকট রয়েছে শিক্ষক এবং পর্যাপ্ত ল্যাবেরও। এমন আরও নানা সংকটে জর্জরিত দেশের অন্যতম আইটি নির্ভর এই শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন, এসব সমস্যার সমাধানে প্রয়োজন কার্যকর উদ্যোগের।
২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে, ২০০৫ সালে উদ্বোধনের পর ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে শুরু হয় চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স। ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ থাকায় শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ছিলো প্রতিষ্ঠানটিকে ঘিরে। সাবেক অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের আইসিটি খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনটি বিষয়ে পড়াশোনা করছেন প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। ৬৩টি শিক্ষকের পদের বিপরীতে কর্মরত মাত্র ১৮ জন। দুই উপাধ্যক্ষের পদই খালি। চিফ ইন্সট্রাক্টরের ১০টি পদের বিপরীতে মাত্র দুজন। কর্মকর্তা-কর্মচারীর ৯৯টি পদের মধ্যে আছেন ২৫ জন। জনবলের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। ছাত্র-ছাত্রীরা জানান, শিক্ষক সংকটসহ চাহিদার তুলনায় শিক্ষক কম আছে। তাছাড়া যথেষ্ট পরিমাণ পিসি সেটআপ নাই।
শুধু জনবল নয়, অবকাঠামোগত সংকটও রয়েছে। শিক্ষার্থীদের জন্য নেই মাঠ। খেলার মাঠ তৈরির জমি অর্থের অভাবে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। নেই সুপেয় পানি, যাত্রী ছাউনি।
ছাত্র-ছাত্রীরা জানান, অবসরের সময় খেলাধুলার কোনো জায়গায় নেই। এটা নিয়ে আমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনেকবার জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
প্রয়োজনীয় শিক্ষক-কর্মচারী নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন প্রযুক্তিনির্ভর বিভাগ চালু হলে প্রতিষ্ঠানটি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করেন শিক্ষকরা।
চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্র্যাকটিক্যাল টেকনোলজি ওপেন করা যায়, আরও আইসিটি ভিত্তিক আরও দুই-একটি টেকনোলজি যদি ওপেন করা যায়, আমি মনে করি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সারা দেশব্যাপী আরও সুনামের সঙ্গে কাজ করবে বলে আশা করি।’
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বলেন, ‘ছাত্র-ছাত্রীদের খেলাধুলার কোনো সুব্যবস্থা নাই। শিক্ষক সংকট, কর্মচারী সংকট, জনবল সংকটে আমরা তাদেরকে ছাত্রদেরকে উপযুক্ত সার্ভিস দিতে পারছি না।’
যে প্রতিষ্ঠানকে ঘিরে ছিলো আইসিটি শিক্ষার স্বপ্ন, নানা সংকটে আজ সেটিই তার বিশেষত্ব হারাতে বসেছে। ফেনী কম্পিউটার ইনস্টিটিউট আবারও আন্তর্জাতিক মানের হয়ে উঠবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।





