রাজনৈতিক সংকটের মধ্যেই ইরানে নতুন যুদ্ধের প্রস্তুতি নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ক্ষমতা হারানোর শঙ্কার মধ্যেই ইরানে নতুন দফা হামলার ছক কষছেন ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে সামরিক বাহিনীকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির নির্দেশনাও দিয়েছেন তিনি। গ্রিন সিগন্যালের জন্য বারবার যোগাযোগ করছেন ট্রাম্পের সঙ্গেও। তবে খুব জরুরি না হলে সরকার গঠনের অচলাবস্থার মধ্যে নেতানিয়াহুকে ইরানে সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছে বিরোধী নেতারা।

আইজেনকোট ঝড়ে যখন নিজের সাজানো মসনদ হারানো স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বেনইয়ামিন নেতানিয়াহুর জন্য; তখনও গদি টিকিয়ে রাখার শেষ মরণকামড় হিসেবে ইরানকে বেছে নিচ্ছেন ইসরাইলের ইতিহাসে সবচেয়ে নিন্দিত এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী।

তেল আবিবের একাধিক গণমাধ্যমের খবর, ক্ষমতা হারানোর শঙ্কার মধ্যেই ইরানে নতুন আরেক দফা হামলার ছক কষছেন সরকার গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সামলানো বেনইয়ামিন নেতানিয়াহু।

এরই মধ্য সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি জোরদারে সামরিক কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেতে বারবার যোগাযোগ করছেন ট্রাম্পের সঙ্গেও। আর ওয়াশিংটনের সমর্থন পেতে ইতোমধ্যে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন মোসাদ প্রধান রোমান গোফমান।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক বারা শিবান বলেন, ‘নেতানিয়াহু খুব সহজে ক্ষমতা থেকে সরে যেতে চায় না। একারণে তিনি শেষবারের মতো ইরানে আক্রমণ চালাতে ট্রাম্প প্রশাসনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে সবকিছু দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র চায় না দীর্ঘ সময় ধরে ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে।’

এমনকি, ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গেও ইরানে নতুন আরেক দফা সামরিক অভিযানের বিষয়ে যোগাযোগ করেছেন নেতানিয়াহু। তবে খুব বেশি জরুরি না হলে তেহরানে সামরিক হামলা না চালাতে পরামর্শ দিয়েছে তারা।

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে অন্তর্বর্তী সরকার হিসেবে ইরানে হামলা চালানোর নির্দেশ দেয়ার এখতিয়ার আছে কি না নেতানিয়াহুর? এক্ষেত্রে তাকে সমর্থন দিচ্ছে খোদ ইসরাইলের সংবিধান।

আইনের ৩০ নং অনুচ্ছেদে উল্লেখ আছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আগের দায়িত্বগুলো পালন করে যাবে। বিশ্লেষকদের শঙ্কা, সংবিধান আর জরুরি নিরাপত্তার অজুহাত দিয়ে যেকোনো সময় ইরানে হামলার নির্দেশ দিতেই পারেন ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী।

তবে এবার ইরানে হামলা চালানো সহজ হবে না নেতানিয়াহুর জন্য। কেননা তেহরান ইস্যুতে মধ্যবর্তী নির্বাচনে নাক কাটা যাওয়া ট্রাম্প নতুন করে চায় না ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে। বরং ইরানকে কোণঠাসা করতে অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে চায় ওয়াশিংটন।

কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করা নেতানিয়াহু ক্ষমতা টিকিয়ে রাখার উপায় হিসেবে ইরানে যেকোনো সময় হামলার নির্দেশ দিতেই পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগেও এমন দৃষ্টান্ত স্থাপনের নজির আছে তার।

২০২১ সালে ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার হতাশায় গাজায় ১১ দিনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিল নেতানিয়াহু। এতে অন্তত ২৬০ জন ফিলিস্তিনি নিহত হন।

জেআর