নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ম্যাজিস্ট্রেটসহ বিজিবি-আনসার মোতায়েন

নারায়ণগঞ্জ
বিজিবি মোতায়েন
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন ও সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের পর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল। তবে সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় চলছে নিয়মিত উৎপাদন কার্যক্রম। তবে এখন পর্যন্ত আন্দোলনকে কেন্দ্র করে কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই সকাল থেকে শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি শিল্প পুলিশ এবং নিয়মিত পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা অব্যাহত রেখেছে প্রশাসন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, শ্রমিক অসন্তোষের পর শুরুতে এক-দুই দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এ পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, ‘নতুন করে কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে শ্রমিকদের ভুল বোঝাতে কিংবা উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে কিছু আলোচনা ও সম্ভাব্য কর্মসূচির কথা শোনা যাচ্ছে। তবে এসব বিষয়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির সরাসরি কোনো যোগসূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখেই আগাম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। বিভিন্ন মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দেয়া হচ্ছে, গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের পাওনা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিল্পাঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মালিক-শ্রমিক, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, শিল্পাঞ্চলে সাত প্লাটুন বিজিবি ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। পাশাপাশি শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ এবং সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে কাজ করছেন। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো ঠেকানো এবং পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখাই তাদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

জেআর