নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ২০ হাজার।
নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।
আটলান্টিক মহাসাগরে সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত কেপ ভার্দে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। দেশটি পর্যটন গন্তব্য হিসেবেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
চলতি বছর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে ওঠায় দেশটির জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে আলোচনায় আসে। এ ছাড়া হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরী দেশটির উপকূলে নোঙর করলেও তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়।
পশ্চিম আফ্রিকার কয়েকটি প্রতিবেশী দেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও কেপ ভার্দে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিকে আফ্রিকার গণতন্ত্রের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ শব্দের অর্থ আতিথেয়তা। এ জন্যও দেশটি পরিচিত। পাশাপাশি দেশটির সমাজে রয়েছে উন্মুক্ত মনোভাব ও বর্ণাঢ্য কার্নিভালের ঐতিহ্য। নিজস্ব ধারার সংগীতও রয়েছে দেশটির।
মো ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে কেপ ভার্দের অবস্থান তৃতীয়।
রাজনৈতিকভাবে দেশটিতে আধা-রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা চালু রয়েছে। তবে নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে।
প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না। বরং জাতীয় ঐক্য নিশ্চিত করা ও সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব পালন করেন। পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন। পাশাপাশি বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
২০২১ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন নেভেস। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী এবং কেপ ভার্দের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির (পিএআইসিভি) সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি মেয়র ও আইনপ্রণেতার দায়িত্বও পালন করেছেন।





