প্রেস ব্রিফিং এ ওই কর্মকর্তা বলেন, ‘দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ৮টি প্লাটুন নিয়ে আমরা মাঠে থাকব।’
আজ থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।’
আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে ওই কর্মকর্তা বলেন, ‘এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা সংবাদ থাকলে তা যেন অবিলম্বে আমাদের জানানো হয়। যাতে আমাদের কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হয়।’





