এলসি খোলার নির্দেশনা মানতে ব্যাংকগুলোর ‘গড়িমসি’; রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

চট্টগ্রাম
একটি নিত্যপণ্যের দোকান
অর্থনীতি
0

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ১০টি খাদ্যপণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন রাখাসহ নানা নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে সব ব্যাংকগুলো সরকারের এ নির্দেশনা পালন করছে না বলে অভিযোগ তাদের। বড় ব্যবসায়ীরা ব্যাংক থেকে মার্জিন সুবিধা বেশি পেলেও ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পান না। ব্যবসায়ীরা বলছেন, এবার সরবরাহ ঘাটতির শঙ্কা না থাকলেও যুদ্ধ পরিস্থিতি ও ডলারের উচ্চ মূল্যের কারণে কিছু পণ্যের দাম বাড়তি থাকতে পারে।

রমজানের বাকী প্রায় তিন মাস। এরই মধ্যে চট্টগ্রামের ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীরা রমজানের পণ্য আমদানি শুরু করেছেন।

নিয়ম অনুযায়ী, যেকোনো পণ্য আমদানির সময় একটি নির্দিষ্ট পরিমান অর্থ ব্যাংকে জমা রাখতে হয়। এটি বেশি হলে ব্যবসায়ীদের পুঁজির ওপর বাড়তি চাপ পড়ে। আর এ নগদ মার্জিন কম থাকলে ছোট ও মাঝারি আমদানিকারকরা সহজে বেশি পরিমাণে পণ্য আমদানি করতে পারেন।

এবার রমজানের পণ্য আমদানিতে এলসি মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কারো কারো অভিযোগ, সরকার নীতি সহায়তা দিলেও বেশিরভাগ ব্যাংকই এ নির্দেশনা পালন করছে না। ছোট ও মাঝারি আমদানিকারকরা বেশিরভাগ ক্ষেত্রেই পান না সহায়তা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বলেন, ‘ব্যাংকের সঙ্গে ক্লায়েন্টের সম্পর্কের ওপর নির্ভর করে যে, মার্জিনটা আসলে কতটুকু নির্ধারণ হবে। এটা পার্টি টু পার্টি ভ্যারি করে। আসলে সবসময় সরকারের নির্দেশনা ব্যাংকগুলো যথাযথভাবে পালন করে এটা বলা যাবে না। কিছু ক্ষেত্রে এর তারতম্য হয়।’

আরও পড়ুন:

খাতুনগঞ্জ টেন্ড অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ বলেন, ‘এটা যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়, তাহলে ব্যবসায়ীরা খুব সহজেই ইম্পোর্ট করতে পারবে। আমার মনে হয়, বাংলাদেশের পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়বে।’

পণ্যের সরবরাহ ঠিক রাখতে অগ্রাধিকারভিত্তিতে এলসি দেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ, ভোজ্যতেলসহ ১০টি পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দেয়া দেয়া হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি ও ডলারের উচ্চ মূল্যের কারণে দামে প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের।

আছাদগঞ্জ আকসা ট্রেডিং অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী ফরিদুল আলম বলেন, ‘পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। কন্টেইনারের যে ডুয়েল টাইম, সেটাও বেড়ে যাচ্ছে। এই যে লজিস্টিক অব্যবস্থাপনা, এটার কারণেই আমাদের খরচ কমছে না। যার কারণে অনেক সময় আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কিন্তু এখানে ওই প্রভাবটা পড়তে সময় লাগে।’

চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জয় দেব বলেন, ‘এবার প্রোডাকশন কম। এখন আমরা আমদানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে, ভারতীয়রা কিনছে, পাকিস্তানও কিনছে, এজন্য আমাদের এখন বেশি রেটেই কিনতে হচ্ছে।’

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রমজান-নির্ভর প্রধান পাঁচটি পণ্যের আমদানি গত বছরের তুলনায় প্রায় ৩১ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

এসএইচ