আজ দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও হইচই শুরু করেন। প্রথমে হোপলুন অ্যাপারেলস লিমিটেড ও স্যাটান নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা ছুটি ঘোষণা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের বিভিন্ন পোশাক কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একে একে ৩৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো হোপলুন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটান নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জিজে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএম সোয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-২ ও মাসকো জি-১।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, শ্রমিকেরা আন্দোলনের একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতি এড়াতে এসময় বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।





