ইরান সংঘাতকে ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নিতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে বা আরেকটি ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নিতে দেবেন না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে দীর্ঘ সময় মার্কিন সেনা মোতায়েন রাখার আহ্বান প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়ে বলেছেন, দেশের বাইরে দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়াতে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই। দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে থাকার চেয়ে প্রেসিডেন্ট এই যুদ্ধের ইতি টানতেই আগ্রহী।

ভ্যান্স বলেন, ‘আমার ধারণা, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন না কেন, কিছু মানুষ সব সময়ই আরও বেশি কিছু চাইবে। তারা চাইবে যুদ্ধটা অনির্দিষ্টকাল ধরে চলুক।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়ে আমি বেশ আত্মবিশ্বাসী—এবং আবারও বলছি, এ ক্ষেত্রে আমাদের মধ্যে বিন্দুমাত্র দূরত্ব নেই—তিনি যেভাবেই এই সংঘাতের ইতি টানার সিদ্ধান্ত নিন না কেন, এটিকে তিনি কখনোই একটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে দেবেন না।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের ব্যয় এবং স্থায়িত্ব নিয়ে যখন বিতর্ক তীব্র হচ্ছে, ঠিক তখনই ভ্যান্সের এই মন্তব্য এল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এটিকে ১০ বা ১৫ বছরের, এমনকি খোলাখুলি বললে দুই বছরের কোনো সামরিক অভিযানেও রূপ নিতে দেব না।’

ভ্যান্স অভিযোগ করেন, কিছু সমালোচক এবং পররাষ্ট্রনীতি বিশ্লেষক চান যুক্তরাষ্ট্র যেন অনির্দিষ্টকাল ধরে এই যুদ্ধে জড়িয়ে থাকে। অথচ ভোটারদের কাছে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট প্রতিশ্রুতি ছিল দেশের বাইরে দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়িয়ে চলা। তিনি বলেন, ‘অনেক নব্য রক্ষণশীল এবং আরও অনেকে আমাদের সেখানে চিরকাল আটকে রাখতে চাইলেও আমরা সেখানে চিরদিন থাকব না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এমনটা করব না।’ ট্রাম্প শেষ পর্যন্ত মার্কিন জনগণের জন্য ‘দারুণ ফলাফল’ নিয়েই এই যুদ্ধের সমাপ্তি ঘটাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকারে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানদের ওপর ইরান সংঘাতের রাজনৈতিক প্রভাব এবং যুদ্ধ পরিচালনা নিয়ে ওঠা সমালোচনারও জবাব দেন ভ্যান্স। যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতবিরোধ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করে দেন এবং বলেন, প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য নেই।

তবে পেট্রোল ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এই যুদ্ধের জন্য রাজনৈতিক মূল্য দিতে হয়েছে বলে স্বীকার করেন তিনি। ভ্যান্স বলেন, ‘রাজনৈতিক দিক থেকে বললে, হ্যাঁ, এবং আমি মনে করি প্রেসিডেন্ট নিজেও তা স্পষ্টভাবে বলেছেন। এর একটি রাজনৈতিক মাশুল ছিল, আর তা হলো পেট্রোল ও জ্বালানির বাড়তি দাম।’

ইরান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক ঘিরে নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনারও জবাব দেন ভাইস প্রেসিডেন্ট। তার মতে, কিছু সমালোচক ট্রাম্পকে সরাসরি আক্রমণ করার বদলে তাকে নিশানা বানাচ্ছেন। এ প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য আঘাত সয়ে নেয়ার ঢাল হতে পেরে আমি আনন্দিত।’

এএম