সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার এক রাজকীয় ফরমানের মাধ্যমে জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে এই কমান্ডের দায়িত্ব দিয়েছেন বাদশাহ সালমান। লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল পুনরুদ্ধারের সাম্প্রতিক অভিযান বাদ দিয়ে এডেনের প্রতিরক্ষা জোরদার করতে জোট বাহিনী বাধ্য হওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেয়া হয়। জোট বাহিনী পিছু হটার এক দিন পর আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার রোববার জানায়, এডেনের প্রতিরক্ষায় মনোযোগ দিতে গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে জোট বাহিনী। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বর্তমানে বাব-এল-মান্দেব প্রণালি দিয়েই সৌদি আরবের তেল রপ্তানি চলছে।
গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথিরা। তাদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত অভিযানে এই পিছু হটাকে বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত সেপ্টেম্বরে হুথিদের এক অভিযানে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাসহ ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। পরে হুথিরা আরও অগ্রসর হয়ে তায়েজ শহর পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। চলতি গ্রীষ্মে ওই প্রণালি ও লোহিত সাগর উপকূলে হুথিদের অগ্রযাত্রার পর সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনী দ্রুত বাব-এল-মান্দেবের কাছে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনরুদ্ধার করেছিল, তবে মোখা দখলে নিতে পারেনি।
সরকারি বাহিনীর দাবি, অপারেশন ডন অব ইয়েমেনের অংশ হিসেবে তারা ১৭৩ জন হুথি যোদ্ধাকে হত্যা বা আহত করেছে এবং মারিব, লাহিজ ও আল-জাওফ অঞ্চলে হুথিদের সঙ্গে লড়াই চালিয়েছে। কিন্তু হুথিরা এডেন শহরের ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরের একটি এলাকায় ঢুকে পড়ায় সরকারি বাহিনী এখন বাব-এল-মান্দেব প্রণালির কাছের দখলকৃত এলাকা ছেড়ে পিছু হটছে এবং এডেনের চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি এই পিছু হটার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় গণপ্রতিরোধ ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানেরই ধারাবাহিকতা হলো এই সেনা পুনর্বিন্যাস।’
লড়াই অব্যাহত থাকায় চরম ঝুঁকির মুখে রয়েছেন বেসামরিক নাগরিকেরা। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৪ সালে ইরান-সমর্থিত গোষ্ঠীটির দখলে যাওয়া রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। এছাড়া তায়েজের একটি স্কুলে হামলায় একজন নিহত হয়েছেন।
অবরুদ্ধ তায়েজ শহরের কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর খোলার আহ্বান জানিয়েছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জ্বালানি ও অক্সিজেনের অভাবে আগামী দুই দিনের মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এদিকে সোমবারের শুরুতে সৌদি আরব জানায়, মক্কা ও রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে তারা।
—আল জাজিরা প্রতিবেদন অবলম্বনে





