অবকাঠামোর অভাবে বাধাগ্রস্ত ভোলার পর্যটনের বিকাশ!

ভোলার একটি পর্যটন স্পট
বিশেষ প্রতিবেদন
0

নীল জলরাশি, ম্যানগ্রোভ বন, অতিথি পাখির কলকাকলি— প্রকৃতির এমন সৌন্দর্যে ঘেরা ভোলার চর কুকরি-মুকরি ও তারুয়া সমুদ্র সৈকত। নির্জন সৈকত, লাল কাঁকড়ার বিচরণ আর বন্যপ্রাণী দেখতে প্রতিনিয়ত আসছেন পর্যটকরা। তবে সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও অবকাঠামোর অভাবে বাধাগ্রস্ত হচ্ছে পর্যটন বিকাশ। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি পর্যটন বিকাশে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশন।

সাগরের নীল জলরাশির বুকে সবুজের এক অপার বিস্ময়। ধূসর বালুচরে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। সাদা বকের সারি, অতিথি পাখির জলকেলি। ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে মাছ ধরার নৌকা।

সাগরপাড় ঘেঁষে সারি সারি বিশাল গাছ। ঢালচর, তারুয়া সৈকতের যেদিকেই চোখ যায়, দিগন্তজোড়া জলরাশি। এমন সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের আনাগোনা।

ভোলার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষে থাকা এই জনপদ ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। ট্রলার কিংবা স্পিডবোটে এসব এলাকায় যেতে পথেই দেখা মেলে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের।

পর্যটকরা জানান, এখানে সমুদ্রের গর্জন ও পাখির কলতানের মিশ্রণ উপভোগ করা যায়। বারবার সেখানে যেতে মন চায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে।

ভোলার একটি সৈকত |ছবি: এখন টিভি

তবে এমন সৌন্দর্য উপভোগ করতে এসে নানা ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। যাতায়াত নির্ভরতা ট্রলার ও স্পিডবোটে। রয়েছে পর্যাপ্ত আবাসন, মানসম্মত খাবার, বিশুদ্ধ পানি, শৌচাগার ও চিকিৎসাসেবারও ঘাটতি।

পর্যটকরা মনে করেন, এখানে আরও বেশি পর্যটকদের আনাগোনা থাকতো, যদি ভালো আবাসন ও যাতায়াতের সুব্যবস্থা থাকতো।

পর্যটন বিকাশে প্রচার-প্রচারণা, আবাসন ও সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

এদিকে চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়াকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজ এবং নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকারি উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, ‘যাতায়াতের যে ব্যবস্থা আছে, সেগুলোর ক্ষেত্রে প্রশাসন দ্রুত কাজ করছে। যাতে পর্যটকরা এখানকার সৌন্দর্য ভালোভাবে উভোগ করতে পারেন।’

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য দুটি রিসোর্ট তৈরি করার উদ্যোগ নিতে আমরা পত্র পেয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে এবং তারা কাজ করছে। আমরা জমি নির্ধারণ করার চেষ্টা করছি।’

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া হতে পারে দেশের অন্যতম পর্যটন গন্তব্য। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো, নিরাপদ যোগাযোগ, পর্যটকবান্ধব পরিবেশ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ।

এসএইচ