নাশকতা ও সহিংসতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

বান্দরবান
বিএনপির বিক্ষোভ
এখন জনপদে
0

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পার্বত্য জেলা বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে জমায়েত হয়। পরে মুক্তমঞ্চের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান এবং নৈরাজ্যের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে আহবান জানান।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘বান্দরবানে ফ্যাসিস্টের দোসরদের কোনো স্থান হবে না, কেউ শান্ত বান্দরবানকে অশান্ত করার চেষ্টা করলে কোনো অবস্থাতে ছাড় হবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।’

এসময় বক্তারা কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন তুষার, আবিদুর রহমান, সদস্য চনুমং, সদস্য লিটল কান্তি বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এএইচ